যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘণ্টাখানেক সময় তিনি সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। তার এই স্বল্প সময়ের যাত্রাবিরতি নিয়ে প্রাণচাঞ্চল্য এসেছে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে।
জানা যায়, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
দলকে ঐক্যবদ্ধ রেখে সঠিকপথে পরিচালিত করা এবং সরকারের বিভিন্ন সাফল্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৫ জন নেতা-কর্মী এবং মহানগর আওয়ামী লীগের ৮১ জন নেতা-কর্মী পুলিশের ‘পাস’ পেয়েছেন বলে জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের যে লাউঞ্জে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, সেখানে তার বসার জন্য মঞ্চ ও চেয়ার প্রস্তুত করা হয়েছে। চেয়ারের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। এছাড়া পেছনে রয়েছে একটি ব্যানার।
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি স্বল্প সময়ের জন্য। এরমধ্যেই তিনি আন্তরিকতা নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার যাত্রাবিরতির জন্য ওসমানী বিমানবন্দরও প্রস্তুত রয়েছে।’
এমকে





