খাইরুল ইসলাম নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাজীপুরের কাউলতিয়া এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত শনিবার রাতে তুলে নেয়া হয়।

এর পর থেকে ওই ছাত্র নিখোজ রয়েছেন। তার বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় রোববার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কাউলতিয়া এলাকায় শনিবার রাত আড়াইটার দিকে খাইরুল ইসলামের বাড়িতে দুটি মাইক্রোবাস ও দুটি জিপ গাড়িতে
কয়েকজন লোক আসে। এসময় তারা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে খাইরুলকে তাদের সঙ্গে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর খাইরুলের বাবা আবুল কাশেম ও স্বজনরা থানাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে খোঁজ খবর নেন। সেখানে তাকে না পেয়ে দুপুরে নিখোঁজ খাইরুলের বাবা আবুল কাশেম বাদি হয়ে একটি জিডি করেন।

নিখোঁজ খাইরুল বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি’র) ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বলে জানা গেছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই ) ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, নিখোঁজ খাইরুলের নামে থানায় কোনো মামলা নেই। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ