খুলনায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম আকাশ নামে (২২) এক মেডিকেল কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত আকাশ খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের কে-২৫ এর পঞ্চম ব্যাচের ছাত্র।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানার গেটসংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে সংঘটিত দুর্ঘটনায় তিনি নিহত হন।
মোটরসাইকেলে চড়ে তিনি বরিশালে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, থানার গেটের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত অবস্থায় খুলনা মেডিকেল কলেজের একজন ছাত্রকে দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তবে পথেই তার মৃত্যু হয়েছে। আকাশ নগরীর জিরো পয়েন্টের দিক থেকে রূপসা ব্রিজের দিকে যাচ্ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় বলে জানান ওসি।
এর আগে রোববার রাতে এ সড়কের খেজুরবাগান এলাকায় ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী পাঁচজন নিহত হন।
সোমবার ডুমুরিয়ায় পিকনিক বাস উল্টে একজন স্কুলছাত্রী এবং মঙ্গলবার ফুলতলায় ট্রাকচাপায় বিএল কলেজশিক্ষক নিহত হন।
এমআর





