ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ে মোহাম্মদ মানিক (২৭) নামে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বালিগাঁও ইউনিয়নের ভাঙ্গার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মানিক ওই ইউনিয়নের উত্তর হকদি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে ও যুবলীগের একজন সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বালিগাঁও ইউনিয়নের মধুয়াই এলাকায় স্থানীয় ইউপি চেয়্যারম্যান বাহার উদ্দিনের সমর্থক উজ্জ্বল মেম্বারের সঙ্গে ফেনী- ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নিজাম হাজারীর সমর্থকরা উজ্জ্বল মেম্বারকে মারপিট করে।

এ ঘটনার পর চেয়ারম্যান বাহার উদ্দিনের সমর্থক ও যুবলীগ কর্মী মানিক সিএনজি চালিত অটোরিকশায় ইউনিয়নের ভাঙ্গার পুল এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

এ সময় স্থানীয়রা তাকে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক তারিক জানান, তিনি এ ধরনের খবর পেয়েছেন।

কেএইচ