বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ৩টার দিকে নৌপথে শহরের নুনিয়াছড়াস্থ বিআইডাব্লিউডির টার্মিনালে এসে পৌঁছে বহনকারী কোস্ট গার্ডের ট্রলারটি।
এরপর সেখান থেকে পিকআপে করে মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ দিকে পুলিশ নিহত ৬ জনের পরিচয় পেলেও একজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তবে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মামেনপুরের মোল্লাপাড়ার মো. সাত্তার শেখের ছেলে মো. সুইট শেখ ও একই জেলার গোবিন্দপুরের দুলু শেখের ছেলে আফজাল শেখের মৃতদেহ তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ রাইজিংবিডিকে জানান, ৭টি মৃতদেহের মধ্যে ২টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৫টির মধ্যে ৩টি মৃতদেহ বুঝিয়ে নিতে তাদের আত্মীয়স্বজন গাড়িতে রয়েছে। রাতে মৃতদেহ ৩টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, ট্রলার ডুবির ঘটনায় আটক ৬ দালালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়াও উদ্ধার হওয়া ৩৭ জনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের ৭০ জন যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪৩ জনকে উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড।
এসএইচ





