ঘন কুয়াশার কারণে শিমুলিয়া- কাওড়াকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল চার ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
মুন্সিগঞ্জ: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল চার ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহব্যবস্থাপক সিরাজুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিরাজুল হক বলেন, ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার ভোররাত চারটার দিকে এ নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা না কাটায় এখনো ফেরি চলাচল শুরু হয়নি।
ঘন কুয়াশায় মাঝ নদীতে কয়টি ফেরি আটকা পড়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
গোয়ালন্দ (রাজবাড়ী): ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল চার ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে চারটা থেকে নৌপথটিতে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ নদীতে ৪০টির বেশি যানবাহন নিয়ে চারটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা না কাটায় এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু করা যায়নি।
কেএইচ





