বগুড়ার কাহালুতে বরাদ্দকৃত গমের ডিও কেনা বেচা নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৪ কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা খাদ্য অফিসে এ সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বগুড়া-৩ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য জাসদ নেতা রেজাউল করিম তানসেন কাহালু উপজেলায় বিভিন্ন প্রকল্পের বিপরীতে গম বরাদ্দ দেয়া হয়। বরাদ্ধকৃত গমের ডিও লেটার কেনেন কাহালু উপজেলা যুবলীগের আহ্বায়ক কাহালু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন ও তার লোকজন।

মঙ্গলবার গম উত্তোলনের জন্য খাদ্য অফিসে ডিও লেটার জমা দেয়া হয়। এ সময় কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ও তার লোকজন খাদ্য অফিসে গিয়ে গম সরবরাহ করতে নিষেধ করে। এ নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৪ কর্মী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ