অবরোধের সমর্থনে ফেনীতে ঝটিকা মিছিল করেছে শিবির কর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়াও পিকেটাররা ফেনী শহরের রামপুর রাস্তার মাথা, মহিপাল, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কসহ বিভিন্ন স্থানে ১০/১২টি গাড়ি ভাঙচুর করে।

শহরের খাজুরিয়া এলাকায় মিছিল করার সময় পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করেছে। এছাড়াও পিকেটিংয়ের চেষ্টাকালে শহরের রামপুর থেকে আরেক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, নাশকতার চেষ্টা চালানোর অপরাধে শহরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানচলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। শহরের বড় মার্কেটগুলো খোলা না হলেও অনেক দোকানপাট খোলা ছিল। শহরে তিন চাকার যানবাহন রিক্সা, সিএনজি, টমটম চললেও ভারী যানবাহন চলাচল করেনি। যানবাহন না চলায় জেলার সঙ্গে সব উপজেলার যোগাযোগ বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কেএইচ