বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল আক্তার। দীর্ঘ ১০ বছর আগে মায়ের সঙ্গে নিজ বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে হারিয়ে যায় সে। এরপর ঢাকার গাবতলীতে বিভিন্ন ধরনের কাজ করে এত বছর পার করেছে। তবে মা-বাবাকে ভুলতে পারেনি আজো। মায়ের খোঁজে একাধিকবার ছুটে এসেছে পটুয়াখালী। তবে মাকে সে আর খুঁজে পায়নি!
মায়ের খোঁজে সোমবার ঢাকা থেকে পটুয়াখালী আসে আক্তার। ওই দিন সকালে পটুয়াখালীর চৌরাস্তায় তার বাড়ির আংশিক ঠিকানা বলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কাছে জানতে চায়। পরে মোটরসাইকেল চালকরা আক্তারের বাড়ির সন্ধানের জন্য তাকে পটুয়াখালী সদর থানায় নিয়ে যায়।
আক্তার জানায়, তার বাবার নাম আলম আর গ্রামের বাড়ি পাঁচ কপাল, খেজুর বাড়িয়া নামক স্থানে। তবে আক্তার তার জেলার নাম বলতে পারছে না।
আক্তার আরও জানায়, তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল সে। আর তার বাবা মাছ ধরার কাজ করত।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, আক্তারের পরিবারের সন্ধানের জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে। বর্তমানে আক্তার পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে আছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





