চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে ট্রাকের ধাক্কায় সালেহা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালেহা শিবগঞ্জের গোবিনপুর গ্রামের পুলিশ মাইল এলাকার মৃত সবদুল মণ্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে একাডেমি মোড়ে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন সলেহা। এ সময় সোনামসজিদগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস