দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে জানান, “ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ।
এমবি





