রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার গণমাধ্যমকে জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ১৮ তলা বিডিবিএল ভবনের ওপরের তলায় আগুন লাগে। আগুন লাগার পর পাশে থাকা ডিসলাইনের তারে ছড়িয়ে পড়ে। সেখানে ডিশের তার এবং বেশ কিছু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল।
বিডিবিএল ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তবে সকালের ওই সময় অধিকাংশ অফিস ছিল বন্ধ।
এ ঘটনায় কেউ আহত হননি। অগ্নিকান্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রেণ আসে। তিনি আরও জানান, অগ্নিকান্ডের সূত্রপাত জানা হয়নি। ক্ষতির খবর আমরা পাইনি।
ভবনটির আশপাশে অবস্থান করা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ করে ভবনের পাশে ঝুলে থাকা তারে আগুন দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই তারের আগুন ভবনের পাশে থাকা এসিতে ধরে যায়। সেখান থেকে মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এএস





