যশোরে চাঁদার টাকা না পেয়ে ফুয়েল পাম্পের ম্যানেজার ও নজেলম্যানকে অপহরণকালে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শংকরপুর বাস টার্মিনাল-মুড়লি সড়কের মোবারককাঠি এলাকার ইসমাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, যশোর শহরের নাজির শংকরপুর সাদের দারোগার মোড় এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), জিরো পয়েন্টের মোড় এলাকার সাদেক আলীর ছেলে হাদিউজ্জামান ওরফে রানা (২৬) ও চাতালের মোড় এলাকার আব্দুর রউফের ছেলে মেহেদী হাসান ওরফে মিলন (২০)।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, আটকরা এর আগেও ইসমাম ফিলিং স্টেশন থেকে চাঁদা নিয়েছে। সম্প্রতি তারা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। রাতে এক লাখ টাকা নিতে তারা মোটরসাইকেলযোগে পাম্পে আসে।

কিন্তু ম্যানেজার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে এবং একজন নজেলম্যানকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে।

এসআই আরও জানান, ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা রেকর্ড করে বৃহস্পতিবার আটকদের আদালতে পাঠানো হবে।

কেএইচ