দশম সংসদের সপ্তম অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর।
রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
গত ৮ জুলাই শেষ হয় সংসদের ষষ্ঠ অধিবেশন। ওই অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়।
সংবিধান অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।”
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।
জেআই





