বান্দরবানের রোয়াংছড়ি থেকে পাচার হওয়া ১১ আদিবাসী তরুণীকে উদ্ধার করেছে বান্দরবান গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

শনিবার (১৯ মার্চ) দুপুরে মায়ানমারের মংডু সীমান্তের কাছে নেজাদো মন্দির থেকে তাদের উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর সহায়তায় বান্দরবান ডিবি পুলিশের একটি দল মংন্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে ওই তরুণীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ির উলুবুনিয়া সীমান্ত দিয়ে বান্দরবানে নিয়ে আসা হয়।

বান্দরবান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার তরুণীরা অসুস্থ হয়ে পড়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হবে।

পাচার হওয়া তরুণীরা জানিয়েছেন, মাসখানেক আগে রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে তাদের আশ্রমে রাখার প্রলোভন দেখিয়ে কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারে নিয়ে যায় একটি চক্র। পরে সেখান থেকে তাদের মায়ানমারে পাচার করে দেওয়া হয়। সেখানে তাদের একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

এদিকে, গত ১২ মার্চ রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার থেকে মানব পাচারের অভিযোগে পুলিশ উচরি ভান্তে এবং উসা থোয়াই নামে দুইজনকে গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই তরুণীদের উদ্ধার করে পুলিশ।

ওএফ