আজই (২৮ ফেব্রুয়ারি) পর্দা নামার কথা ছিলো অমর একুশে বইমেলার। মাসব্যাপী চলা প্রাণের মেলার সময় আরও বেড়েছে দু’দিন।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলা শেষ হবে আগামী ২ মার্চ শনিবার।

বইমেলার শেষ দিন আজ (বৃহস্পতিবার) সমাপনী অনুষ্ঠানের মঞ্চে এসে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এই ঘোষণা দেন।

এবার বেড়েছে মেলার পরিসর, প্রকাশনা সংস্থার অংশগ্রহণ। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এবার গ্রন্থমেলার বিস্তৃতি ছিল ২৫ হাজার বর্গফুট। সোহরাওয়ার্দী উদ্যানে মেলার অংশকে এবার ৪টি চত্বরে বিন্যস্ত করা হয়েছিল। সব মিলিয়ে ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।

এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠান ১৫০টি ইউনিট নিয়ে তাদের বইয়ের পসরা সাজিয়ে বসে। আর সোহরাওয়ার্দী উদ্যানে ৬২০টি ইউনিট নিয়ে হয় ৩৯৫টি প্রতিষ্ঠানের স্টল।

বিগত বইমেলাগুলোতে ধুলোর যে সমস্যা, এবার সেটি কম ছিল। মেলার অন্যান্য ব্যবস্থাও ছিল আগেরবারের চেয়ে ভালো। স্টলবিন্যাসে পরিবর্তন আসায় দর্শনার্থীরা নির্বিগ্নে হাঁটাচলা করতে পেরেছে। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

তবে শেষের দিকে বৃষ্টির কারণে মেলার ছন্দপতন ঘটে।  গতকাল (বুধবার) ভারি বর্ষণের কারণে মাত্র ঘণ্টাদেড়েক খোলা ছিল বইমেলা, বাকিটা সময় ছিল বৃষ্টিকবলিত।

এমবি