অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আনন্দ মিছিলেই মানিকগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপ। তুষারের নেতৃত্বে আরেকটি গ্রুপ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। তাদের সাথে যোগ দেন যুবলীগ ও শ্রমিকলীগের নেতা-কর্মীরা।

এ নিয়ে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য,ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা এবং সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ এনে তাদের বহিস্কারের দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ জেলার জ্যেষ্ঠ নেতারা স্বাক্ষর করেন।

এমকে