অবরোধের চতুর্থ দিনেও সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ৪৫টি কাঁচা পণ্যের গাড়িসহ সাড়ে তিনশ’ অন্যান্য পণ্য ভর্তি ট্রাক আটকা পড়ে রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের কো-অর্ডিনেটর টিপু সুলতান। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে ২৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক, ১২টি ফলের ট্রাক, একটি আদা ভর্তি ট্রাকসহ ভুট্টা-ভুসির কিছু ট্রাক প্রবেশ করে। কিন্তু সোনামসজিদ স্থলবন্দর এলাকায় দেশি কোনো ট্রাক না থাকায় আমদানিকৃত পণ্য আটকা পড়েছে পানামা ইয়ার্ডের ভেতরে।

এর আগে বৃহস্পতিবার সকালে পূর্বের আমদানিকৃত কাঁচা পণ্যভর্তি ৮১টি ট্রাক পুলিশ, র‌্যাব ও বিজিবির প্রহরায় গন্তব্যস্থলে পাঠানো হয়েছে।

অন্যদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান, মহদিপুর স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক পণ্যভর্তি ট্রাক।
জেআই