রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকরীর ছুরির আঘাতে নাজিম আমিন (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী টেম্পোস্ট্যান্ডের সামনে এই ঘটনা ঘটে।

আহতের স্ত্রী ফারজিন আক্তার জানান, নাজিম ৫৬/এ দক্ষিণ মুগদার সবুজবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন। সেখানেই কাঁচা সবজির ব্যবসা করেন তিনি।

প্রতিদিনের মতো বুধবার ভোরে যাত্রাবাড়ীতে কাঁচামাল কিনতে গেলে চার-পাঁচজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

সে সময় তার কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

নাজিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্ত্রী ফারজিন।

এসএইচ