মাগুরার মহাম্মদপুর উপজেলার মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুম ইকবাল (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাবুখালির ঠাকুরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম উপজেলার ঝামা গ্রামের আবুল বাশার মোল্যার ছেলে।

মাসুম বাবুখালি এলাকার বাসিন্দা। তার নানা আকরাম মোল্যার বাড়ি থেকে লেখাপড়া করত সে। ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মাসুমের পিতা আবুল বাশার মোল্যা জানান, আজ সকাল পৌনে ১১টার দিকে মাসুম মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী আলোকদিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমথ্যে ঠাকুরের হাট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

চার ভাইয়ের মধ্যে মাসুম দ্বিতীয়। প্রাথমিক ও জেএসসিতে মেধাভিত্তিক বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র মাসুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেএইচ