গাজীপুরের শ্রীপুরে রেহেনা খাতুন (৪৫) নামে এক নারীকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এই ঘটনায় ছেলে ইয়াসিন আরাফাতকে (১৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বুধবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার সোনাব পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রেহেনা খাতুন সোনাব পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ধান শুকানোর কাজ করছিল রেহেনা খাতুন। একপর্যায়ে ইয়াসিন আরাফাত তার মাকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় এলাকাবাসী ইয়াসিনকে আটক করেন এবং রেহেনা খাতুনকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ইয়াসিনকে পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।

আটক ইয়াসিন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই শুকুর আলী।

এমবি