চাঁদপুরের ফরিদগঞ্জে স’মিলের করাতে কাটা পড়ে রফিকুল ইসলাম ভুট্টো (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী রফিকুলের বাড়ি একই গ্রামে।

স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের বড়গাঁও বাজারের পাশের ইউপি সদস্য আ. রশিদের স’মিলে গাছ কাটাতে আসেন কাঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম ভুট্টো।

এ সময় মিলের লোকজন গাছ করাত দিয়ে কাটার সময় করাতের বেল্টে তার পড়নের লুঙ্গি জড়িয়ে করাতে কাটা পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়।

সুবিদপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মহসীন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ তার বাড়িতে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।

ওএফ