রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাই (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমিন নগর গ্রামের ইদ্রিস ডাক্তারের ছেলে। বর্তমানে তিনি মিরপুর ১১/২ নম্বর এভিনিউ এর ৩১ নম্বর বাসায় থাকেন।

আব্দুল হাইয়ের দুলাভাই মোজাম্মেল হক জানান, কল্যানপুরের মণ্ড এভারেজ নামে এক পোশাক কারখানায় কাজ করতেন তার শ্যালক আব্দুল হাই। কারখানা ছুটির পর তিনি বাসায় ফিরছিলেন। এ সময় পূরবী সিনেমা হলের সামনে আসলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তার স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়ানাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এএইচ