চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠান শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। মিডিয়ায় বক্তব্য দেয়ার সময় বিরক্ত করায় এক ছাত্রলীগ কর্মীকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে লাঞ্ছিত হন মোছলেম উদ্দিন।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষ হয় দুপুর ১টা ৩৫ মিনিটে। এরপর অনুষ্ঠানস্থলে আসা দর্শকরা বেরুতে শুরু করেন।মাঠ থেকে বেরুবার সময় কয়েকজন নেতাকে গণমাধ্যমের কর্মীরা বিশেষত টেলিভিশন চ্যানেলের রিপোর্টাররা ঘিরে ধরেন।
প্রথমে তারা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের বক্তব্য নেন। এরপর মোছলেম উদ্দিন আহমেদ নিজ থেকেই কথা বলার জন্য গণমাধ্যমের সামনে আসেন।
মোছলেম উদ্দিনের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি, চিৎকার শুরু হয়। মাথায় লাল টুপি দেয়া কয়েকজন তরুণ মোছলেম উদ্দিনকে ধাক্কা দেয়। এসময় কয়েকজন তাকে মারতে উদ্যত হয়। কয়েকজন এসে মোছলেম উদ্দিনকে রক্ষার চেষ্টা করলে তারাও রোষানলের শিকার হন।
আনুমানিক ৩০-৩৫ জন তরুণকে মোছলেম উদ্দিনকে উদ্দেশ্য করে ‘দালাল’, ‘মোছলেম সওদাগর’, ‘দুর্নীতিবাজ’ এই ধরনের কটু মন্তব্য ছুঁড়তে দেখা যায়।
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা.আফছারুল আমিন নিজের গাড়িতে করে মোছলেম উদ্দিনকে তুলে নিয়ে দ্রুত লালদীঘি ত্যাগ করেন। এসময় গাড়িতে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলামও ছিলেন।
জানতে চাইলে নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বলেন, মোছলেম ভাই মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন। আমি পেছনে দাঁড়ানো ছিলাম। ক্যামেরা দেখে কয়েকটা ছেলে মোছলেম ভাইয়ের পেছনে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি করছিল। তারপর হঠাৎ দেখি ছেলেগুলো উত্তেজিত হয়ে উঠেছে।
মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করা তরুণরা নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নিয়ন্ত্রিত ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গাড়িতে উঠার সময় মোছলেম উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোন কথা বলেনন
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ বলেন, অনুষ্ঠান শেষে সামান্য একটু সমস্যা হয়েছে। এটা বড় কোন বিষয় নয়। এখানে নিউজ করার মতো কিছু নেই।
মাসুম/নাজিব





