বাংলাদেশ অনেক এগিয়েছে। তবুও ডেঞ্জার (বিপজ্জনক) জোনে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
তিনি শুক্রবার খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মানবতাবিরোধী অপরাধে বিএনপি-জামায়াতের দুই নেতার ফাঁসি কার্যকর নিয়ে জাতিসংঘের বিবৃতির বিষয়ে গওহর রিজভী বলেন, ‘যেহেতু বাংলাদেশ জাতিসংঘর সদস্য এবং বিভিন্ন সনদে স্বাক্ষর করছে, তাই এ ব্যাপারে কিছু বলার নাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুযায়ী চলে। সেখানে সংবিধান পরিবর্তন ছাড়া অন্য কিছু করা যাবে না।’
এর আগে গওহর রিজভী সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন।
তিনি স্কুলের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও খুলনা সাহিত্য পরিষদের প্রবীণ সদস্যদের সম্মননা ক্রেস্ট প্রদান করেন।
খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।
খুলনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, প্রবাসী বাংলাদেশি মোস্তাইন বিল্লাহ দারা, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমুখ।
শিশু সাহিত্যিক আলী ইমাম, সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, অভিনেতা জয়ন্ত চট্রোপাধ্যায়, ভারতের শান্তি নিকেতনের অধ্যাপক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এমএইচ