চাঁদপুরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া হাজীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতাসহ আরও তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর জানান, শহরের চৌধুরী ঘাট এলাকায় জামায়াত-শিবিরের একটি ছাত্রাবাস থেকে জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুহুল আমিনসহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া হাজীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কমিশনার নজরুল ইসলামসহ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলমগীর কবির পাটোওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইমামের বাসায়ও অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদ শেষে ছাত্রাবাস থেকে আটকদের মধ্যে যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএইচ





