গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীর বিভিন্ন সামাজিক সংগঠন। বুধবার দুপুর ২টায় ফেনী শহীদ মিনার চত্ত্বরে সচেতন যুব সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে সমাবেশে চেতনা সাহিত্য সামাজিক সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আরাফাত খানের পরিচালনায় বক্তব্য দেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, ফেনীর রামপুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি আইয়ুব আলী মামুনসহ ফেনীর বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে জাতিসংঘ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না অভিযোগ করে বলেন, ‘জাতিসংঘ, সৌদি আরবসহ বিশ্বের সব দেশকে এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।’

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ