বঙ্গবন্ধুকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ ও শ্রদ্ধা করা হয়, তার অন্তত চার ভাগের এক ভাগ হলেও জাতীয় নেতাদের স্মরণ ও শ্রদ্ধা করা উচিত বলে মনে করেন 'বিশ্ব বাঙালি সম্মেলন' ও 'শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদে'র সভাপতি ও কবি মুহাম্মদ আবদুল খালেক।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এ কে ফজলুল হকসহ জাতীয় নেতাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার জন্য সরকারের প্রতি এ দাবি জানিয়েছেন তিনি।
জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ দাবি জানান। সোমবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের মাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদ, বিশ্ব বাঙালি সম্মেলন ও বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কবি মুহাম্মদ আবদুল খালেক বলেন, "জাতীয় নেতা হোসেন সোহরাওয়ার্দীর কাছ থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গণতন্ত্রের শিক্ষা গ্রহন করেছেন। তাই সরকারের কাছে আমাদের দাবি বঙ্গবন্ধুর চার ভাগের এক ভাগ হলেও জাতীয় এ নেতাদের যেন রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। আমরা যেন জাতীয় এ নেতাদের ভুলে না যাই।"
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় নেতা হোসেন সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হকের কাছ থেকে গণতন্ত্র শিক্ষা নিয়েছেন। এসব নেতাদের দর্শন নিয়েই বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়েছেন। তাই এঁদের অবদান রাষ্ট্রকে স্মরণ করতে হবে। তাঁরা সবাই ছিলেন প্রকৃত দেশপ্রেমিক।"
কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী প্রমুখ।
ঢাকা, এমআর, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





