বাংলাদেশের জাতীয় সংসদকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. শিরীন শারমিন চৌধুরী ও ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
বুধবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স লাউঞ্জে ‘বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এই অভিব্যক্তি প্রকাশ করেন তারা।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ’র চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলেন, এই বিজয় ১৬ কোটি মানুষের বিজয়, সংসদীয় গণতন্ত্রের বিজয়। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দশম সংসদ গঠিত হয়েছিল বলেই দুটি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দু’জন সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, তরুণ সংসদ সদস্যদের এগিয়ে নিয়ে আসার জন্য সিপিএ কাজ করবে। নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতায় কাজ করা হবে।
স্পিকার আরও বলেন, ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে যে বিতর্ক হচ্ছে এটা মোটেই কাম্য নয়। কারণ সংসদীয় গণতন্ত্রের কার্যক্রম বিধি অনুযায়ী ও সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। নির্বাচনে কোন দল অংশ না নিলেও কিছু করার থাকে না। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। আরপিওতে নির্বাচন প্রক্রিয়ায় যা কিছু আছে তা নিয়ে নির্বাচন হয়েছে। এতে দশম সংসদ নিয়ে যে কলঙ্কের কথা বলা হয়, তা ঠিক নয়।
এই দুটি আন্তর্জাতিক ফোরামে নির্বাচন করতে গিয়ে দেশের অভ্যন্তরে বা বাইরে কোন দলের বা গোষ্ঠীর বাধার সৃষ্টি হয়নি বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানিয়েছেন।
তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো বা সিপিএভুক্ত দেশগুলোর উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। সিপিএ সদস্যভুক্ত দেশগুলোর বিরাজমান সমস্যাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে কিভাবে সমাধান করা যায়, সেই চেষ্টাও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, এটা সরকারের বিজয় নয় এটা পার্লামেন্টের বিজয়। সরকারি পর্যায়ে যেসব অর্জন নিয়ে আসা সেগুলোর স্বীকৃতি এই বিজয়।
তিনি বলেন, বর্তমানে দুটি আন্তর্জটিক ফোরাম মিলে ১৯২টি দেশের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে যা ৬৫০ কোটি মানুষের নেতৃত্বে বাংলাদেশ। শুধু তাই নয় একই সাথে ৪৫ হাজার এমপিরও নেতৃত্ত্ব দিচ্ছে বাংলাদেশ। এটা একটা বিশাল অর্জন।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাব। বাংলাদেশের বর্তমান সংসদ সদস্যদের যে আচরণবিধি রয়েছে তার পরিবর্তন দরকার। উন্নত গণতান্ত্রিক দেশপগুলোতে কিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয় এবং তাদের আচরণ কী হয় সেগুলো পর্যালোচনা করেই পরিবর্তন আনা দরকার। আইপিইউ’র প্রেসিডেন্ট হিসেবে আমার প্রধান চ্যালেঞ্জ হবে সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোতে সংসদের সক্ষমতা বাড়ানো।
অনুষ্ঠানে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (পিজেএ) সভাপতিত্ব করেন উত্তম চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো ফজলে রাব্বি মিয়া, পিজেএ’র সাবেক সভাপতি শফিকুর রহমান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আশিষ সৈকত, বর্তমান সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী।
এছাড়াও জাতীয় সংসদের বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেআই





