ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার কাঁচপুর এলাকা থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত এলাকায় যানজট ছিল।

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় দুই লেনের সংস্কারকাজ চলায় গতকাল রোববার রাত ১২টা থেকে এ সমস্যার শুরু। এতে সড়কে আটকে থাকা যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালেও দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্ত থেকে গৌরীপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

আজ (সোমবার) চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের চালক আবুল কালাম আজাদ বলেন, “রাত ১২টায় চাঁদপুরে যানজটে আটকা পড়ে বেলা ১১টায় দাউদকান্দিতে পৌঁছেছি।”

দাউদকান্দি-গৌরীপুর পত্রিকার এজেন্ট মোখলেসুর রহমান বলেন, “অন্যান্য দিন রাত ৩টার মধ্যে পত্রিকা পেয়েছি। আজ যানজটের কারণে ৫ ঘণ্টা পর পত্রিকা পৌঁছেছে।”

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ও দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোনারগাঁ এলাকায় আরও দুই সপ্তাহ সংস্কারকাজ চলবে। হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে।

এমবি