এক বছরেরও অধিক সময় নিখোঁজ থাকা কুমিল্লা দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি এটিএম তারিকুল ইসলাম টিটুর মরদেহের সন্ধানে মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে ডিবি পুলিশ।
নিহত টিটু দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।
কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, গত বছরের ৭ জুলাই নিখোঁজ হয় টিটু। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার শোভা ওই বছরের ১৩ জুলাই দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু টিটুর সন্ধান না পেয়ে চলতি বছরের ৮ মার্চ আদালতে মামলা দায়ের করেন টিটুর মা রাজিয়া সুলতানা। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।
গত রোববার রাতে সন্দেহভাজন আসামি নগরীর চিহিৃত সন্ত্রাসী সফিকুল ইসলাম লিমনকে কুমিল্লা থেকে গ্রেফতার করার পর বেরিয়ে আসে এ হত্যাকাণ্ডের ঘটনা। টিটুকে লিমন ও তার সহযোগী হৃদয়সহ আরও কয়েকজন মিলে হত্যা করে প্রথমে একটি পরিত্যাক্ত বাড়িতে মাটি চাপা দেয়। পরে কয়েক দিন পর পাশের একটি সেপটিক ট্যাংকিতে মরদহ ফেলে দেয় তারা।
তার স্বীকারেক্তি মোতাবেক গ্রেফতারকৃত অপর আসামি হৃদয়কে নিয়ে পুলিশ মঙ্গলবার ঠাকুপাড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে মরদেহের সন্ধানে অভিযান শুরু করে। বর্তমানে সেপটিক ট্যাংকির পানি নিষ্কাশন করে মরদেহের অনুসন্ধান চলছে।
ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলমসহ বিপুল সংখ্যক ডিবি ও পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের ঘটনাস্থলে অভিযান চালাচ্ছিল ডিবি।
এমবিএইচ





