বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে হামলা চালায়।

রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

জানা গেছে, বগুড়া শহরের চন্দনবাইশা সড়কের নাটাইপাড়া মধুবন সিনেমা হলের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারটি শনিবার ইফতার পূর্বমুহূর্তে বিকল হয়। ফলে নাটাইপাড়ার বেশকিছু বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার দিবাগত রাত এলাকাবাসী বিদ্যুৎ বিহীন কাটায়। রোববার সকাল থেকে বারবার বিদ্যুৎ অফিসে টেলিফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে নাটাইপাড়ার ৬ যুবক মোটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে।

এ সময় বাধা দিতে গিয়ে অভিযোগ গ্রহণকারী লাকী আক্তার ও নিরাপত্তা প্রহরী মামুন আহত হন।

পরে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা অভিযোগ কেন্দ্রের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলে হামলাকারীরা ভেতরে আটকা পড়ে। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করে।

আটককৃতরা হলো- নাটাইপাড়ার গেদু প্রাং এর ছেলে লিটন, মৃত সাঈদ জামানের ছেলে সাইদুর রহমান, শাহাদত হোসেনের ছেলে আব্দুল আলীম ও আব্দুল মজিদের ছেলে সাগর।

বগুড়া বিদ্যুৎ বিভাগের উপ-সহকরী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, শনিবার সন্ধ্যায় ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। রাত হওয়ার কারণে তা মেরামত করা যায়নি। রোববার বেলা ১১ টা থেকে মেরামতের কাজ শুরু হয়েছে।

এফএফ