রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তার মাঝখানে হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-১৫-২৭৫৪) দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসসয় রাস্তায় অবস্থানরত যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার দুপাশে অবস্থান নেয়। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরেও নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে উঠে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগে। পরে আগুন নিভিয়ে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, বিকেল তিন টার দিকে একটি প্রাইভেটকারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার আগেই স্থানীয়রা গিয়ে আগুন নিভিয়ে ফেলেছে।

এসএইচ