আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
শনিবার (৩০ জানুয়ারি) বিকালে ওবায়দুল কাদেরের ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আব্দুল কাদের মির্জা বলেন, “দলের উচ্চপর্যায়ের নির্দেশে নেওয়া সব কর্মসূচি স্থগিত করছি। ০২ ফেব্রুয়ারি ডাকা সংবাদ সম্মেলনও স্থগিত করছি।”
তিনি বলেন, “নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে নেত্রীর কাছে অভিযোগ আছে। এসব বন্ধে তিনি পদক্ষেপ নেবেন আস্থা রাখি। বন্ধ না হলে একমাস পর প্রেসক্লাবে দাঁড়াবো।”
সৌজন্য সাক্ষাতে আব্দুল কাদের মির্জার পরিবারের সদস্য, বসুরহাট পৌরসভার নির্বাচিত কাউন্সিলর, মহিলা কাউন্সিলরসহ প্রায় দুই শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর মেয়র আব্দুল কাদের মির্জা সাংবাদিকদের আরও বলেন, “নির্বাচনের পরে উনার (ওবায়দুল কাদের) সঙ্গে দেখা করার দরকার ছিল। তাই আজ দেখা করতে এসেছি। সেখানে সৌজন্য সাক্ষাত ছাড়াও সমকালীন রাজনীতি নিয়ে কথা হয়েছে। উনি (ওবায়দুল কাদের) আমাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে সব অভিযোগ রয়েছে। বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে কিছু অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেই অভিযোগগুলোর ভিত্তিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
বসুরহাট পৌরসভার মেয়র বলেন, “আমাদের এখন একদফা। তা হলো একরাম চৌধুরীকে (নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী) জেলা আওয়ামী লীগ থেকে বাদ দিতে হবে।”
মির্জা কাদের বলেন, “আমরা আমাদের কর্মসূচি এক মাস স্থগিত রেখেছি। সিদ্ধান্তের জন্য এক মাস অপেক্ষা করবো। তবে আমরা কোনও অবস্থায়ই আমাদের সিদ্ধান্ত থেকে সরবো না। নোয়াখালী জেলা আওয়ামী লীগ থেকে তাকে সরতেই হবে। এটার কোনও বিকল্প নাই।”
এমবি





