জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে মুহম্মদ শফিকুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।
আজ শনিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৪৩৯ ভোট।
অন্য পদে যারা জয়ী হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম ও আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান এবং কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি।
জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২১৮ জন। এর মধ্যে প্রায় ১ হাজার ৮৯ জন ভোট দেন। এর আগে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।
এমবি





