ঝালকাঠি কৃষি ব্যাংকের সদর, নলছিটি ও কাঠালিয়ার ৬ শাখা ব্যবস্থাপককে চাঁদার দাবি করে হুমকি দিয়েছে সর্বহারা পার্টির সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যাংকেও আতংক ছড়িয়ে পড়েছে।
বুধবার একই দিনে বেলা ১১টা থেকে ১টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি সর্বহারা পার্টির ঝালকাঠি জেলা প্রধান পরিচয় দিয়ে চাঁদা না দিলে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে।
কৃষি ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখা ব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার বাবহৃত সেল ফোনে ০১৯১০৩৪৩৯৮০ সেলফোন নম্বর থেকে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি নিজেকে সর্বহারা পার্টির ঝালকাঠির জেলা প্রধান পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার বাড়ি ঘর বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। হত্যা করা হবে স্ত্রী ও সন্তানদেরকে।
একইভাবে ২ ঘন্টা সময়ের মধ্যে ব্যাংকটির তালতলা শাখা ব্যবস্থাপক মোঃ বাহাউদ্দিন খান, ঝালকাঠি প্রধান শাখা ব্যবস্থাপক মোঃ ইউনুস, নবগ্রাম শাখা ব্যবস্থাপক ফজলুল করিম, বাসন্ডা শাখা ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামানকে চাঁদার দাবিতে হুমকি প্রদান করে।
এদের প্রত্যেকের কাছে সর্বহারা পর্টির জেলা প্রধান পরিচয়ে ভিন্ন ভিন্ন নামে একই মোবাইল নম্বর দিয়ে হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা তাৎক্ষনিক ভাবে বিষয়টি তাদের উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। এ ব্যাপারে সংশি¬ষ্ট থানা গুলোতে সাধারন ডায়রী দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগিরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে আইনশৃংখলার অবনতি ঘটার কারনেই প্রায় বিলুপ্ত সর্বহারা পার্টির সদস্যরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। তাই অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মত ব্যাক্ত করেছে।
এ ব্যাপারে বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলীর সাথে আলাপ করলে তিনি এ বিষয়ে কোন অভিযোগ পাননি জানিয়ে থানার ওসির সাথে যোগাযোগ করতে বলেন।
আর ঝালকাঠি থানার ওসি শীলমনি চাকমা জানান, তিনি এ ধরনের কোন অভিযোগ জানেন না বা ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে কোন অভিযোগ করেনি।
একইভাবে নলছিটি থানার ওসি আবুল খায়ের বিকেল ৫টা পর্যন্ত কোন তথ্য বা অভিযোগ পাননি বলে জানান।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





