আগামীকাল ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’। সর্বত্র এ দিবসটি পালনের আহবান জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
সোমবার এক সংবাদ বিবৃতিতে এ আহবান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালের এইদিনে পানিসম্পদ, আবাদি জমি ও মানুষ বিনাশী ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে বাঙালি আদিবাসী নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ সকল মানুষের ধারাবাহিক প্রতিবাদ বিশাল আকার নিয়েছিলো। এই প্রকল্প অনুযায়ী ফুলবাড়ীসহ ছয় থানায় ৫ লক্ষাধিক মানুষ উচ্ছেদ করে, আবাদি জমি, ভূগর্ভস্থ ও নদীনালার পানি বিনাশ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আয়োজন করেছিল অনভিজ্ঞ ভুঁইফোড় কোম্পানি এশিয়া এনার্জি।
প্রকল্পের শর্ত অনুযায়ী মাত্র ৬ শতাংশ রয়্যালটির বিনিময়ে কোম্পানি পুরো খনির মালিকানা তারা পেয়ে যেতো এবং শতকরা ৮০ ভাগ বিদেশে রফতানির মাধ্যমে নিজেরা বিপুল মুনাফা লাভ করতো। বাংলাদেশ হারাতো আবাদি জমি, বিনষ্ট হতো অমূল্য পানি সম্পদ, লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ হতো জীবিকা ও সমাজ থেকে, আবার হারাতো কয়লা সম্পদও।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জালিয়াত কোম্পানি বহিষ্কার ও বিধ্বংসী এই প্রকল্প বাতিলের দাবিতে লক্ষ মানুষের সমাবেশে সরকারি বাহিনী টিয়ার গ্যাস ছোড়ে, গুলি চালায়। সাথে সাথে তিনজন তরুণ নিহত হন, গুলিবিদ্ধসহ আহত হন দুই শতাধিক। এরপর পুরো অঞ্চলের নারী-পুরুষেরা গণঅভ্যুত্থানের এক অসাধারণ পর্ব তৈরি করেন, সারাদেশে তা ছড়িয়ে পড়ে।
এরই এক পর্যায়ে ২০০৬ সালের ৩০ আগস্ট চারদলীয় জোট সরকার জনগণের সাথে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। সারাদেশে উন্মুক্ত খনি নিষিদ্ধ ও এশিয়া এনার্জি বহিষ্কারের ধারাসহ এই চুক্তি ‘ফুলবাড়ী চুক্তি’ হিসেবে খ্যাত।
আগামীকাল সারাদেশে ফুলবাড়ী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে ফুলবাড়ীতে। সেখানে কর্মসূচি শুরু হবে সকাল ৭টায়। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, র্যা লি ও প্রতিরোধের গানসহ নানা আয়োজন থাকবে।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





