গাজীপুরে নাশকতার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের ভাষ্য, তারেক রহমানের ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান, মঞ্জুরুল আহসানসহ ৩২ জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দেওয়া হয়। মঞ্জুরুল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের ছেলে।
মামলার বিবরণ অনুসারে, এ বছরের ২১ জানুয়ারি গাজীপুর সদর থানার মণিপুর এলাকায় ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এএইচ





