মধুপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে প্রান্তিক সার্ভিসের যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটাইলের দেওলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পশ্চিম পাশের খাদে পড়ে যায়।
এসময় ওই এলাকায় সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন শীতকালীন মহড়ায় ছিলেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসকে তুহিন জানান, কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
এর আগে ২৪ ডিসেম্বর একই রোডে মধুপুরের নরকোণায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়।
কেএইচ





