অবশেষে অপহৃত কুমিল্লার মনোহরগঞ্জের ছাত্রদল নেতা সাদ্দামের সন্ধান পাওয়া গেছে। তিনি এখন কুমিল্লা জেল হাজতে আছেন।
সাদ্দাম উপজেলার সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আহমদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ভাউপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সকালে তাকে মনোহরগঞ্জ থেকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তার পিতা সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আহমদ।
তিনি বলেন, ‘তার ছেলে সাদ্দাম হোসেন মঙ্গলবার সকালে উপজেলার ভাউপুর গ্রামের বাড়ি থেকে আরেক ছাত্রদল কর্মী ইলিয়াছ হোসেনসহ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাথেরপেটুয়া বাজারে পৌঁছলে পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে। পুলিশ সদস্যরা সাদ্দামকে আটক করলেও পালিয়ে যায় ইলিয়াছ। মনোহরগঞ্জ থানায় যোগাযোগ করে তার খোঁজ পাওয়া যায়নি।’
তিনি জানান, বুধবার তিনি জানতে পারেন ডিবি পুলিশ মঙ্গলবার গভীর রাতে কুমিল্লা মহানগরীর শাপলা মার্কেট থেকে অস্ত্রসহ সাদ্দামকে গ্রেফতার করে। এরপর তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে পুলিশ। পরে ঘটনা চারিদিকে জানাজানি হওয়ায় সাদ্দামকে গ্রেফতার দেখানো হয় বলে তিনি দাবি করেন।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পদির্শক শাহ কামাল আকন্দ ও সহিদুল ইসলাম নগরীর শাপলা মার্কেট চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়।
সাদ্দামের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মনোহরগঞ্জ থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এমকে





