নির্বাচনী প্রচারণায় নামার তিনদিনের মাথায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর চকবাজার থানার বাদশা মিয়া রোডের ওয়ার সিমেট্রি এলাকার বাসায় অভিযান চালানো হয়। তবে এ সময় ডা. শাহাদাত হোসেন বাসায় ছিলেন না।

বিষয়টি ডা. শাহাদাত হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ১টার দিকে চকবাজার থানা পুলিশের একটি দল বাসায় তল্লাশি চালায়। এসময় তারা আমার অবস্থান জানতে চান। বাসায় থাকা আমার মা, তাদেরকে জানান যে তিনি আমার অবস্থানের বিষয়ে কিছুই জানেন না। পরে তারা চলে যান।’

অভিযানকালে পুলিশ সদস্যরা কোনো রকম খারাপ আচরণ করেননি বলে জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

এদিকে অভিযানের বিষয়ে জানতে চকবাজার থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নগর পুলিশের কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘অভিযানের বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখছি।’

গত ২২ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের প্রচারণায় অংশ নিয়েছিলেন ডা. শাহাদাত। ওইদিন বাকলিয়া থানার কয়েকটি এলাকায় মনজুরকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।

ডা. শাহাদাতের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মামলায় তিনি জামিনে আছেন। এছাড়া আরো ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তার বিরুদ্ধে।

জেআই