কুমিল্লায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে আসন পরিবর্তন ও নকলে বাধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলা সদরে ওই ঘটনা ঘটে।
এ ছাড়া সকালে কেন্দ্রে প্রবেশ করতে না পেরে ছাত্রলীগ কর্মীরা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি ও কলেজের পিয়নকে মারধর করেছে।
কলেজের শিক্ষকদের সূত্র জানান, বৃহস্পতিবার দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজ কেন্দ্রের ২০১ নং কক্ষে পৌরনীতি ও জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নকল করার চেষ্টা করে। পরীক্ষার শেষ পর্যায়ে জীব বিজ্ঞান বিষয়ের একাধিক পরীক্ষার্থী আসন পরিবর্তনের চেষ্টাকালে ওই কক্ষে দায়িত্বরত পরিদর্শক মোহাম্মদপুর সিরাজুল হক বাধা দিলে তারা তাকে হুমকি দেয়।
এ বিষয়ে ওই শিক্ষক জানান, পরীক্ষা শেষে তিনি আরো কয়েকজন শিক্ষকের সঙ্গে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহণের বাসে উঠার পর কয়েকজন পরীক্ষার্থী স্থানীয় ছাত্রলীগ কর্মীদের নিয়ে নিউমার্কেট এলাকা থেকে ওই বাসে উঠে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে রক্ষা করতে সঙ্গে থাকা অন্য শিক্ষকেরা এগিয়ে আসলে তাদেরও লাঞ্চিত করা হয়।
এর আগে ছাত্রলীগ কর্মীরা বেলা ১১টার দিকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় কলেজের পিয়ন আব্দুল আলীমকে মারধর করে। পরে ছাত্রলীগ কর্মীরা জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ মাসুদকে পাশ্ববর্তী দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে পেয়ে তাকে গালমন্দ করে করে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। হামলার শিকার শিক্ষক ইনামুল হক বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ডে এসে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কায়সার আহমেদকে হামলার বিষয়টি অবহিত করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, পরীক্ষায় বেআইনি সুবিধা না পেয়ে তারা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হামলার শিকার ওই শিক্ষককে লিখিতভাবে বোর্ড চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কেএইচ





