লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধি দল।
পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর দেড়টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যান।
অভিজিৎ হত্যাকাণ্ডে দেশের গণমাধ্যম ছাড়াও বিদেশের গণমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এই হত্যাকাণ্ডের তদন্তে এফবিআই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ সরকার এতে ইতিবাচক সাড়া দেয়ায় বুধবার দিবাগত রাতেই সংস্থাটির চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এরপর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিজিৎ হত্যাকাণ্ডে যে সকল আলামত পাওয়া গেছে, সেগুলো এফবিআই প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফবিআই প্রতিনিধি দলের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের একটি দলও এই হত্যাকাণ্ডে তদন্ত করবে বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এফবিআই প্রতিনিধি দল আসায় তদন্তকাজ আরো স্বচ্ছ হবে। কারো কোনো গাফিলতি থাকবে না। কোনো পক্ষ থেকে অভিযোগও থাকবে না। তারা তাদের মতো করে তদন্ত করবে। প্রাপ্ত আলামত এরই মধ্যে প্রয়োজন অনুযায়ী তাদের হাতে তুলে দেয়া হয়েছে। তারা ঢাকায় আসায় তদন্ত কাজ দ্রুত এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বই মেলা থেকে ফিরছিলেন। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর এলাকায় তাদেরকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা।
তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে ১০টার দিকে অভিজিৎ মারা যান। বন্যাকে উন্নত চিকিৎসার জন্য গত ৩ মার্চ সকালে মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নেয়া হয়।
কেএইচ





