সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছেন থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। সাভারের হেমায়েতপুরে বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত ওয়ার্কশপ ব্যবসায়ী আসাদ খান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সাভার থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ কবীর তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দুপুরে বাসা থেকে ওয়েল্ডিং কারখানায় যাওয়ার পথে পুনরায় চাঁদার দাবিতে ফিরোজ কবীর ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমি ও সঙ্গে থাকা নাহিদ, শামীম, শাকিলসহ পাঁচ কর্মচারী আহত হন।’
পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফিরোজ কবীর ও তার সহযোগীরা পালিয়ে যান। এদিকে ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অন্যদিকে ওয়ার্কশপ ব্যবসায়ীর ওপর হামলার বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান আতিক বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাই। এ ছাড়া কেউ যদি ব্যক্তিস্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার অন্যায় কাজ করে থাকে, ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, ‘ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
জেআই





