আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জীবন শেখ(২২)নামের এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। নিহত জীবন শেখ কারিগর পাড়ার হোসেন শেখের ছেলে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর রাত পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
বোয়ালিয়া থানার ওসি তদন্ত মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, নগরীর রানীবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় জীবন গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি রবিনের সঙ্গে বোয়ালিয়া থানা আওয়াম লীগ সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও নগর ছাত্রলীগের সদস্য তুহিনের সুসম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেলে রবিন মোবাইলে ফোন করে সিটি কলেজের সামনে তুহিনকে আসতে বলেন। ওই সময় তুহিন সেখানে যাওয়ার পরপরই রবিন তাকে লোহার পাইপ দিয়ে মারধর করেন। এ ঘটনায় আতিকুর রহমান কালু বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে রবিন গ্রুপের একদল নেতাকর্মী গুলি করতে করতে রাণীবাজার মোড়ে গিয়ে একটি ক্লাবঘরে হামলা চালায়। এ সময় ওই ক্লাবঘরে আতিকুর রহমান কালুর বড় ছেলে তুষার ক্যারম খেলছিলেন। তারা তুষারসহ বেশ কয়েকজনকে মারধর করে আহত করেন। এ সময় তারা তুষারের মোটরসাইকেল ও ক্লাবঘর ভাঙচুর করেন। এক পর্যায়ে আতিকুর রহমান কালুর লোকজন সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘরে। পরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রলীগকর্মী রাজারহাতার হোসেন শেখের ছেলে জীবন শেখ। জীবনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু বলেন, তার ছেলে তুহিনকে রবিন বিকেলে মারধর করে। এ ঘটনায় গণ্ডগোল এড়াতে থানায় এজাহার দেন। তারপর তারা প্রস্তুতি নিয়ে আবারও হামলা করে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জীবন শেখ ছাত্রলীগ কর্মী। নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআর





