সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকার জনতা হোটেলের সামনে ট্রাক উল্টে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো অন্তত সাত শ্রমিক।

বুধবার (৪ মে) দুপুরে বগুড়া-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জামিরতা গ্রামে। আহতদের নাম জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রায়গঞ্জের কৃষ্ণপুর এলাকা থেকে ১০/১২ জন ধানকাটা শ্রমিক ট্রাকে ধানের বস্তা নিয়ে শাহজাদপুর যাচ্ছিলেন।

পথে ঘুড়কা এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে চলে যায়। এতে ট্রাকের ওপরে থাকা শ্রমিক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরো অন্তত সাত শ্রমিক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাটিকুমরুল-চৌরাস্তার একটি হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

ওসি আরো জানান, মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

ওএফ