সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে  ৯ লক্ষাধিক টাকা মূল্যোর ভারতীয় থ্রিপিস, গেঞ্জি ও অ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছেন।

তবে উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা একটি ভারতীয় নৌকা জব্দ করতে পারলেও আটক করতে পারেননি কাউকে।

মাদরা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার দিবাগত রাত ১ টার দিকে সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের সোনাই নদীর তীর থেকে ভারতীয় ২৭৬ পিস থ্রিপিস ও ১৬৬ পিস গেঞ্জি উদ্ধার করেন।

উদ্ধারকালে ভারতীয় একটি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত থ্রিপিস ও গেঞ্জির আনুমানিক মূল্য ৮ লাখ ৮৭ হাজার টাকা।

সূত্র আরও জানায়, বুধবার রাতে হিজলদি বিওপি’র নায়েব সুবেদার কামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা হিজলদি গ্রামের একটি মাঠ থেকে ১ হাজার পিস অ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

ঢাকা, ১১ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ