দলীয় নেতাকর্মীদের একজনের রগ কাটা হলে প্রতিশোধ হিসেবে প্রয়োজনে দুইজন শিবির ক্যাডারের রগ কাটার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, ‘আত্মরক্ষা করা সবার সাংবিধানিক অধিকার। তাই ভবিষ্যতে যদি শিবির ক্যাডাররা আমাদের একজন নেতার রগ কাটে প্রয়োজনে তাদের দুইজনের রগ কেটে দেবেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি আবাসিক হল শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লিটন এ নির্দেশ দেন।
গত মঙ্গলবার রাতে রাবি সংলগ্ন বিনোদপুর বাজারে ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতির হাত-পায়ের রগ কেটে দেওয়া সম্পর্কে বলতে গিয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যখনই ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাদের ছেলেদের হাত-পায়ের রগ কাটে আমরা শুধু প্রতিবাদ করি। এ সব প্রতিবাদসভা করতে আর ভালো লাগে না। ভবিষ্যতে যদি রগ কাটার ঘটনা ঘটে তাহলে আমরা প্রতিশোধ নেব।’
সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইব্রাহিম হোসেন মুন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিবির কর্মীরা নিজেদের গুটিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু তারা এখন ছাত্রলীগের মাঝেই লুকিয়ে আছে। তারাই আমাদের নেতাকর্মীদের হাত-পায়ের রগ কাটছে। ঘাপটি মেরে থাকা এই সব শিবিরকে খুঁজে বের করতে হবে।’
সম্মেলনের বিশেষ অতিথি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও ছাত্রশিবিরকে রুখে দিতে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল মাঠে বৃহস্পতিবার বিকেল ৬টায় শাহ মখদুম, নবাব আবদুল লতিফ ও সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের এ সম্মেলন শেষ হয়।
আবদুল লতিফ হলের সভাপতি কাউসার আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান।
আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়েব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়ালিদ আহমেদ, খালেদ হোসেন, জহিরুল হক প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রাতে তিন হলের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেলের সম্পাদিত রাবি ছাত্রলীগের কার্যক্রম সংবলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন খায়রুজ্জামান লিটন।
জেআই





