ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়াকে পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবরোধে বোমা হামলায় গুরুতর আহত হন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এ চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরের সময় বুধবার বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর মো. সোহরাব হোসাইন এবং বিসিএস এ্যাডমিনিস্ট্রেটিভ এ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, উন্নত চিকিৎসার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়াকে বুধবারই ভারতের হায়দরাবাদে পাঠানো হচ্ছে।
গত ৯ জানুয়ারি ফেনী জেলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা করা হয়। এ সময় আব্দুল কাদির মিয়ার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
জেআই





