লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুককে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, গুরুতর অবস্থায় ইউপি সদস্যকে হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়।

এমবি